প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ ১৯:১১ (বৃহস্পতিবার)
ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন ও পেমেন্টের ক্ষেত্রে নতুন চার্জ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এনপিএসবির আওতায় বাংলা কিউআর কোড ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এমিডিআর-এর সর্বনিম্ন হার হবে ১ শতাংশ।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও পিএসপির মাধ্যমে বাংলা কিউআর কোড ব্যবহার করে যে মার্চেন্ট পেমেন্ট করা হয়, তার ওপর অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান ব্যবসায়ী বা মার্চেন্টের কাছ থেকে এই ১ শতাংশ ফি আদায় করবে। এই ফির মধ্যে ভ্যাটও অন্তর্ভুক্ত থাকবে।

তবে এনপিএসবির মাধ্যমে সম্পাদিত অন্যান্য লেনদেন ও কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধের ক্ষেত্রে পূর্বের সব ফি ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

এদিকে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করার লক্ষ্যে কোনো ব্যাংক বা অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান চাইলে বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন বা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। এতে গ্রাহক ও ব্যবসায়ীদের আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (পিএসডি-২) মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য বাণিজ্যিক ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে স্বচ্ছতা ও অভিন্নতা আসবে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্টরা।