ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ব্যয় আরও বাড়িয়ে স্টুডেন্ট ভিসা ফি একলাফে অনেকটা বৃদ্ধি করেছে অস্ট্রেলিয়া সরকার।
বুধবার (১ জুলাই) থেকেই এই বর্ধিত ফি কার্যকর হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এই সিদ্ধান্তে দেশটিতে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের ওপর বড় ধরনের আর্থিকভাবে চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
নতুন ঘোষণা অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা (সাবক্লাস ৫০০) ফি এখন থেকে ২ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা। এর আগে এই ফি ছিল ১ হাজার ৬০০ অস্ট্রেলিয়ান ডলার।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসেও এই ফি ৭১০ ডলার থেকে বাড়িয়ে ১ হাজার ৬০০ ডলার করা হয়েছিল। এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই অস্বাভাবিক ফি বৃদ্ধি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
অস্ট্রেলিয়ার শিক্ষা খাত দেশটির অভিবাসনের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনার উন্নয়নকল্পে এই ফি বৃদ্ধি করা হয়েছে। মূলত 'সাবক্লাস ৫০০' ভিসার অধীনে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় পূর্ণকালীন কোর্সে ভর্তি হয়ে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত অবস্থান ও পড়াশোনা করতে পারেন।
নতুন এই ফি কাঠামোর ফলে মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া মুখী হওয়ার প্রবণতা কিছুটা কমতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।