প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ ২০:৪৪ (বৃহস্পতিবার)
স্বাস্থ্যখাতে ১ লাখ নিয়োগ: শূন্যপদের তালিকা চেয়েছে সরকার

ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতিহারের প্রতিশ্রুতি রক্ষায় বড় পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। ‘১ লাখ স্বাস্থ্যকর্মী’ নিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন বিভাগের বর্তমান জনবল এবং শূন্যপদের সর্বশেষ তথ্য চেয়েছে প্রশাসন। সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-৩ শাখা থেকে এই সংক্রিয় নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর, সংস্থা ও দপ্তরগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পদভিত্তিক তালিকা এবং খালি পদের তথ্য জরুরি ভিত্তিতে জানানো প্রয়োজন। এই কার্যক্রমের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতের জনবল কাঠামোর প্রকৃত চিত্র তুলে আনতে চায় সরকার।

সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগামী ৯ জুলাই ২০২৬-এর মধ্যে তাদের অনুমোদিত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তালিকা পাঠানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত ছক অনুযায়ী এই তথ্যগুলো স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-৩ শাখায় হার্ড কপি এবং নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় সফট কপি আকারে জমা দিতে বলা হয়েছে।

এই নির্দেশের আওতায় রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

এছাড়াও আইইডিসিআর ও সিএমএসডিসহ মন্ত্রণালয়ের সব সংস্থাকে এই নির্দেশনা বাধ্যতামূলকভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগ আশা করছে, এই হালনাগাদ তথ্যের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক কার্যক্রম এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়াটি ত্বরান্বিত হবে।