প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ ২১:৫৫ (বৃহস্পতিবার)
সবচেয়ে কম দৌড়ে সর্বোচ্চ গোল মেসির

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে লিওনেল মেসির প্রতিটি পদক্ষেপ যেন এখন ফুটবলীয় জাদুর প্রদর্শন। ২০২৬ বিশ্বকাপে মাঠের খেলায় এক অবিশ্বাস্য ও ভিন্নধর্মী নজির গড়ছেন আর্জেন্টিনার এই মহাতারকা।

পরিসংখ্যান বলছে, টুর্নামেন্টের প্রথম পর্বে আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করেও সর্বোচ্চ গোলদাতার সিংহাসন দখল করে রেখেছেন তিনি। শারীরিক দৌড়াদৌড়ির চেয়ে ফুটবলীয় মস্তিষ্কের প্রখরতা যে বেশি কার্যকর হতে পারে, মেসি যেন তাই প্রমাণ করছেন।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা প্রোফাইলের বিশ্লেষণে দেখা গেছে, গ্রুপ পর্বে অন্তত ৯০ মিনিট মাঠে থাকা ৬১৮ জন আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে কম দৌড়ানো খেলোয়াড়টি হলেন লিওনেল মেসি। প্রতি ৯০ মিনিটে তার গড় দৌড় মাত্র ৮.১ কিলোমিটার। গত সপ্তাহে ৩৯ বছরে পা রাখা এই আর্জেন্টাইন অধিনায়ক দেখিয়ে দিয়েছেন, ফুটবলে সাফল্যের মূল শর্ত কেবল অবিরাম দৌড়াদৌড়ি নয়; বরং সঠিক সময়ে সঠিক স্থানে অবস্থান এবং সুযোগের মোক্ষম ব্যবহারই আসল পারদর্শিতা।

মাঠে কম দৌড়লেও গোলের ক্ষেত্রে তিনি ছিলেন সবচাইতে বিধ্বংসী। গ্রুপ পর্বের ২০০ মিনিট মাঠে থেকে মেসি করেছেন ৬টি গোল। অর্থাৎ, প্রতি ৩৩ মিনিটে তিনি একটি করে গোল করেছেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে শুরু করা মেসি অস্ট্রিয়ার বিপক্ষে করা জোড়া গোলের মাধ্যমে স্পর্শ করেছেন এবং পরে ছাড়িয়ে গেছেন মিরোস্লাভ ক্লোসের বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড। বর্তমানে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা ১৯।

যদিও ফ্রান্সের কিলিয়ান এমবাপে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে মেসির সমকক্ষ হয়েছেন, তবে দক্ষতার বিচারে মেসির কার্যকর প্রভাবটি একেবারেই অনন্য।

শুক্রবার দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। ফুটবল ভক্তদের নজর এখন সেই ম্যাচের দিকে, যেখানে দেখা যাবে এই জাদুকর তার নিজস্ব ছন্দে নতুন করে আর কী ইতিহাস রচনা করেন। সবচেয়ে কম দৌরেও অসাধারণ গোলের এই ধারা মেসির ফুটবল জীবনের পড়ন্ত সময়ে এক নতুন মাত্রা যোগ করল।