প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ ২২:০৮ (বৃহস্পতিবার)
স্বজনপ্রীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে: হুমায়ুন কবির

ছবি: সংগৃহীত

সরকারের প্রথম বছরেই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন সম্পন্ন করা হবে এবং দ্বিতীয় বছর থেকে অধিকাংশ প্রকল্পের বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, সরকারের লক্ষ্য শৃঙ্খলার মধ্যে থেকে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা এবং স্বজনপ্রীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসা।

বুধবার (১ জুলাই) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, এমন ভালোবাসার প্রয়োজন নেই, যে ভালোবাসা আমাদের শৃঙ্খলাভঙ্গের পথে নিয়ে যায়। আমরা সব সময় শৃঙ্খলার মধ্যে থাকতে চাই। আবেগ বা অতিরিক্ত উচ্ছ্বাস যেন আমাদের শৃঙ্খলাবহির্ভূত কোনো অবস্থায় না নিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘এ বছর সরকারের প্রথম বছর। ইনশাআল্লাহ, এ বছরই অধিকাংশ প্রকল্পের অনুমোদন সম্পন্ন করা হবে। এরপর দ্বিতীয় বছর থেকে প্রকল্পগুলোর কাজ শুরু হবে। তবে কিছু প্রকল্পের কাজ চলতি বছরেই শুরু হবে।’

স্বজনপ্রীতি প্রসঙ্গে তিনি বলেন, অনুদান ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে আত্মীয়করণ বা স্বজনপ্রীতির সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি নিজে কোনো আত্মীয়করণ করি না। আমার জানা মতে, আজ পর্যন্ত আমার কোনো আত্মীয়-স্বজনকে অনুদান দিইনি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই।

দুপুর ২ টায় তিনি হাজী আব্দু মিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।