প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ ২২:১৬ (বৃহস্পতিবার)
১৭ বছরের উন্নয়ন বরাদ্দ লুটপাট হয়েছে, কাজ হয়নি: এমপি লুনা

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা-মাধবপুর-সরদারপাড়া গ্রামে প্রবাসীদের উদ্যোগে বাস্তবায়িত স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

বুধবার (১ জুলাই) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র তিন মাস হয়েছে। এরই মধ্যে উন্নয়ন কাজের জন্য বিভিন্ন খাতে বরাদ্দ আসতে শুরু করেছে।

তিনি বলেন, “আমি সংসদ সদস্য হিসেবে ইতোমধ্যে বিভিন্ন খাতে বরাদ্দ দিয়েছি। এখন কাগজপত্র সঙ্গে নেই, থাকলে আপনারা দেখতে পারতেন কতটা বরাদ্দ দেওয়া হয়েছে।”

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তাহসিনা রুশদীর লুনা বলেন, গত ১৭ বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া হলেও সেই অর্থের যথাযথ ব্যবহার হয়নি। তিনি অভিযোগ করেন, বরাদ্দের অর্থ দিয়ে রাস্তা-ঘাট সংস্কার করা হলে আজ কোনো সড়ক ভাঙা থাকত না। প্রকল্পের নামে অর্থ উত্তোলন করা হয়েছে, কিন্তু মানুষের কল্যাণে বাস্তব কাজ হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নে একাধিক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী প্রতিনিধি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।