প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ ২২:৪৮ (বৃহস্পতিবার)
সিলেটে কিশোরী ধ.র্ষণের দায়ে ২ জনের ফাঁ.সির রায়

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক ঘটনায় দুই যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মাৎ রুবাইয়া ইয়াসমিন চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বিশ্বনাথ উপজেলার শাহবাজপুর গ্রামের আশিক আলীর ছেলে জয়নাল (২৫) এবং কান্দিরগাঁও এলাকার মঈনুদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে জয়নাল স্থানীয় ওই ১৪ বছরের কিশোরীকে কৌশলে তার বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই ঘাপটি মেরে ছিলেন সহযোগী নাজিম উদ্দিন। পরে তারা দুজনে মিলে কিশোরীটিকে পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনার একপর্যায়ে জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে কিশোরীটি তার কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মায়ের কাছে সব খুলে বলেন। খবর পেয়ে মা দ্রুত ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান এবং পরদিন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার চারদিন পর ২০১২ সালের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ আট বছরের বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ আসামিদের দোষী সাব্যস্ত করে এই কঠোর দণ্ড প্রদান করেন।

রায়ের প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নূর আহমদ সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ দমনে সরকার যে কঠোর অবস্থান নিয়েছে, এই রায় তারই প্রতিফলন। আমরা আশা করি, এই দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধীদের মনে ভীতি সঞ্চার করবে।’