ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। সুনির্দিষ্ট আপডেট না থাকলেও আমাদের লক্ষ্য স্পষ্ট। একজন ব্যক্তি যিনি ক্ষমতার অপব্যবহার ও অপরাধ করে অন্য দেশে অবস্থান করছেন এবং যার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে, তাকে বাংলাদেশের মাটিতে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করাই আমাদের উদ্দেশ্য। এটি বাংলাদেশের জনগণেরও প্রাণের দাবি। সেই লক্ষ্য বাস্তবায়নেই সরকার কাজ করে যাচ্ছে।’
বিগত ১৭ বছরে দেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে ইতোমধ্যে বিশ্বের ১০টি দেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে জোরালো নির্দেশনা দিয়েছেন। যেসব দেশে অর্থ পাচার হয়েছে, তাদের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে কাজ চলছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, অর্থ ফেরত আনা একটি সময়সাপেক্ষ কাজ এবং এটি রাতারাতি সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তি ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে। জনগণের এই আমানত ফিরিয়ে আনতে সরকার সব ধরনের আইনি ও তাত্ত্বিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে বলে তিনি জানান।