প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬ ১৮:০২ (শুক্রবার)
পুলিশের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু 

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সদস্যরা বুধবার (১ জুলাই) থেকে নতুন নির্ধারিত ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছেন। নতুন পোশাকবিধি অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যরা গাঢ় নীল শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরবেন।

অন্যদিকে মহানগর পুলিশের সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে একই রঙের খাকি প্যান্ট।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন ইউনিফর্মে দেখা যায়।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) গাঢ় নীল শার্ট এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হালকা জলপাই রঙের শার্ট পরিধান করেন।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের কর্মকর্তারা জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম কার্যকর হয়েছে। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছেনি। পর্যায়ক্রমে সারা দেশের সদস্যদের মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হবে।

এর আগে গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন পোশাকবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেখানে জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের জন্য গাঢ় নীল শার্ট এবং মহানগর পুলিশের জন্য হালকা জলপাই রঙের শার্ট নির্ধারণ করা হয়। সব ইউনিটের সদস্যদের জন্য খাকি রঙের প্যান্ট বাধ্যতামূলক করা হয়েছে।

তবে এই পরিবর্তন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশালাইজড পুলিশ ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসব ইউনিট আগের ইউনিফর্মই ব্যবহার করবে।

পুলিশ বাহিনীর সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ইউনিফর্মে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে চালু হওয়া লৌহ-ধূসর রঙের পোশাকের পরিবর্তে এবার নতুন এই ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।