প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬ ১৮:২৭ (শুক্রবার)
সিলেটের সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন সুব্রত সাহা বিকাশ (৩৩) নামে এক পর্যটক।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে ধলাই নদীর প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। নিখোঁজ সুব্রত লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চার বন্ধু মিলে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণের উদ্দেশ্যে আসছিলেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তারা সাদাপাথর ভ্রমণে যান। দুপুরে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বন্ধুদের মধ্যে তিনজন নদীতে গোসল করতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা সবাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অন্য দুজন কোনোক্রমে তীরে উঠতে সক্ষম হলেও সুব্রত স্রোতের তোড়ে পানির নিচে তলিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন ট্যুরিস্ট পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। নিখোঁজ পর্যটককে উদ্ধারে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পর্যটক নিখোঁজের খবর পাওয়ামাত্রই উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তবে নদীর তীব্র স্রোত উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সুব্রতর কোনো সন্ধান পাওয়া যায়নি।