ছবি: সংগৃহীত
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সিলেট বিভাগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষায় অংশ নেন সিলেট শিক্ষা বোর্ডের অধীন অধিকাংশ পরীক্ষার্থী। তবে প্রথম দিনের পরীক্ষায় বিভাগের চার জেলায় মোট ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার বোর্ডের অধীনে মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ২১৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৫২৮ জন। সকাল থেকেই বিভাগের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা ভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৩ জন, হবিগঞ্জে ১০ হাজার ১৮০ জনের মধ্যে ২৩৯ জন, মৌলভীবাজারে ১১ হাজার ৩২৮ জনের মধ্যে ২৫৪ জন এবং সুনামগঞ্জে ১০ হাজার ৬৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬১ জন অনুপস্থিত ছিলেন।
এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কমিটির তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী। সেখানে অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে অংশ নেয় ৮০ হাজার ৬৫৩ জন, যার মধ্যে অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৭৮ জন।
উল্লেখ্য, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৭৭টি বিষয়ে ২১ দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিকভাবে তৎপর রয়েছে।