ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলার চারখাই এলাকায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কালাই মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালাই মিয়া কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কালাই মিয়ার মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।