প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬ ২০:২৬ (শুক্রবার)
সিলেটে ২০টির বেশি কর্মসূচিতে অংশ নেবেন বাণিজ্যমন্ত্রী

ছবি: খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

দুই দিনের সরকারি সফরে আগামী ৩ ও ৪ জুলাই সিলেট সফর করবেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। সফরকালে তিনি ধর্মীয়, প্রশাসনিক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে জানানো হয়, শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

সিলেটে পৌঁছে প্রথমেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে তহবিল থেকে অনুদান বিতরণ, গাছের বংশবিস্তার কর্মসূচি, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর পুরস্কার বিতরণ, এতিমদের মাঝে ঈদ চেক বিতরণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ছাগল বিতরণ এবং প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

এছাড়া খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিবিসি পরীক্ষার জন্য হেমাটোলজি এনালাইজার ইউনিটের কার্যক্রম উদ্বোধন এবং হাসপাতালে রোগীদের মাঝে ভ্যাকসিন প্রদান করবেন তিনি।

বিকেলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। রাতে জালালাবাদ রোটারি ক্লাবের ৪৩তম অভিষেক অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পরদিন শনিবার (৪ জুলাই) সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বৈঠকে অংশ নেবেন। পরে পরে সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নের ২ হাজার অসহায় পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল এবং ৭০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করবেন।

একই দিন সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ কৃষকের মধ্যে কৃষি উপকরণ ও নগদ সহায়তা বিতরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

সব কর্মসূচি শেষে শুক্রবার দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।