ছবি: সংগৃহীত
দীর্ঘ ২০ বছর পর দেশের নতুন ভিসানীতির খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে। তবে নতুন এ নীতিমালায় আগে থেকে কালো তালিকাভুক্ত দেশগুলোর অবস্থানে কোনো পরিবর্তন আনা হয়নি।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
তিনি জানান, সর্বশেষ ২০০৬ সালে ভিসানীতি প্রণয়ন করা হয়েছিল। এরপর ২০২৬ সালে এসে নতুন করে ভিসানীতির খসড়া উপস্থাপন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যেই নতুন ভিসানীতি প্রণয়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, নতুন ভিসানীতি চূড়ান্ত করার লক্ষ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ নীতিমালায় ভিসাকে ৩৪টি পৃথক ক্যাটাগরিতে ভাগ করার প্রস্তাব রাখা হয়েছে, যাতে আবেদন ও ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হয়।
ড. নাসিমুল গনি বলেন, নতুন খসড়ায় পূর্বে কালো তালিকাভুক্ত দেশগুলোর তালিকায় কোনো পরিবর্তন আনা হয়নি। সেগুলো আগের মতোই বহাল রাখা হয়েছে।
সরকারের আশা, নতুন ভিসানীতি কার্যকর হলে আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং পর্যটন খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।