ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: অনুমতি ছাড়া এবং নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার করে মাছ ধরার অভিযোগে সৌদি আরবে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী।
বৃহস্পতিবার (২ জুলাই) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মক্কা প্রদেশের আল-লাইথ এলাকা থেকে সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ওই ছয় বাংলাদেশিকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সৌদি সীমান্তরক্ষী বাহিনীর প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। তাদের সামনে থাকা একটি টেবিলে উদ্ধার করা মাছ ধরার জাল রাখা রয়েছে।
এ ঘটনায় সীমান্তরক্ষী বাহিনী সবাইকে সৌদির সামুদ্রিক আইন ও বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কেউ অনুমতি ছাড়া বা অবৈধভাবে মাছ ধরলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।
বাহিনী আরও জানিয়েছে, আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।