ছবি: সংগৃহীত
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালু করেছে ভারত। ভিসা কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পরপরই দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আবেদনকারীদের ব্যাপক সাড়া দেখা গেছে।
গত ২৮ জুন ভিসা সেবা পুনরায় চালু হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে ১ লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত।
হাইকমিশন জানায়, ভিসা পরিষেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে কাজ চলছে। একই সঙ্গে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বার্তায় আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করা এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।