ছবি: সংগৃহীত
সিলেট মহানগরীতে অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযানে গত জুন মাসে ২ হাজার ৩২২ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। মহানগরীর ছয়টি থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিশাল পরিমাণ জব্দকৃত অস্ত্র, মাদক ও চোরাচালানি পণ্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩ জুলাই) রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য বিশ্লেষণে জানা যায়, ধৃতদের মধ্যে মাদক সংশ্লিষ্টতায় ৭৪৪ জন, জুয়াড়ি ১৭৬ জন, ছিনতাইকারী ২০ জন এবং ৩৬ জন চোর ও ডাকাত রয়েছে। এছাড়া অসামাজিক কার্যকলাপে লিপ্ত ২৬ জন, ১৮৮ জন হকার এবং পরোয়ানাভুক্ত ১৮৯ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।
একই সময়ে মেট্রোপলিটন অধ্যাদেশ ও সন্দেহভাজন হিসেবে ৭২৫ জন এবং অন্যান্য অপরাধে আরও ২১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের মধ্যে ৮৫২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বাকিদের প্রচলিত আইনে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১০ হাজার ৬৭৪ পিস ইয়াবা, ২৮ কেজি ২৯৫ গ্রাম গাঁজা, ৭৯২ লিটার চোলাই মদ ও ৬ বোতল বিদেশি মদ।
এছাড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আসা ভারতীয় পণ্যের বড় চালান জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে ১৭ হাজার ৬১০ কেজি জিরা, ১৭ হাজার ৮৯ পিস চকোলেট, ২৬ হাজার ৬৭৫ পিস প্রসাধনী, ৩ হাজার ৫১৫ কেজি চা-পাতা, ১৬২ পিস কম্বল, ১০০ পিস শাড়ি এবং প্রায় ১০ লাখ পিস নাসির উদ্দিন বিড়ি।
এদিকে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায়ও কঠোর ছিল এসএমপি। জুন মাসে ট্রাফিক আইন অমান্য করায় ৪ হাজার ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ২ হাজার ৩৫৩টি যানবাহন আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কর্মকর্তা মো. মনজুরুল আলম জানান, নগরবাসীর নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত সিলেট গড়তে পুলিশের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।