প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬ ২২:০৯ (শনিবার)
বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও উপবৃত্তির আবেদন শুরু ১০ জুলাই

ছবি: সংগৃহীত

আগামী ১০ জুলাই থেকে ২০২৬-২০২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সম্প্রতি নির্দেশনা জারি করেছে সমাজসেবা অধিদফতরের সামাজিক নিরাপত্তা অধিশাখা।

নির্দেশনা অনুযায়ী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ছাড়াও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জন্য ভাতা এবং শিক্ষা উপবৃত্তির আবেদনও অনলাইনে গ্রহণ করা হবে।

এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। এছাড়া প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক।

আবেদনের সময় আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।

সমাজসেবা অধিদফতর জানিয়েছে, যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত ভাতা বা সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচির আওতায় নতুন করে বিবেচিত হবেন না।