ছবি: সংগৃহীত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সিলেট বিভাগে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্তও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৫ জুলাই) থেকে সোমবার (৬ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এছাড়া সোমবার (৬ জুলাই) থেকে মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্তও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দেশের সব বিভাগের মতো সিলেটেও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও সিলেটসহ দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।