ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ২০২৬ সালে তাদের প্রবেশ ও বসবাসের নিয়মনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আবাসন খাতের উন্নয়ন, পর্যটন সম্প্রসারণ এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজতর করতে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) নতুন ছয়টি বড় সংশোধনী ঘোষণা করেছে। এই পরিবর্তনগুলো প্রবাসী, পর্যটক ও ব্যবসায়ীদের জন্য মধ্যপ্রাচ্যের এই দেশটির দুয়ার আরও সুগম করবে।
নতুন নিয়মে অন-অ্যারাইভাল ভিসার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। আগে নির্দিষ্ট শর্তসাপেক্ষে শুধু ভারতীয় নাগরিকরা এই সুবিধা পেলেও, এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও ১৪ ও ৬০ দিন মেয়াদী অন-অ্যারাইভাল ভিসার সুযোগ পাবেন।
এছাড়া সিঙ্গাপুর, জাপান ও কানাডাসহ বেশ কিছু উন্নত দেশের স্থায়ী বাসিন্দাদের জন্যও এই যোগ্যতা শিথিল করা হয়েছে।
দুবাইগামী পর্যটকদের জন্য আরও সুখবর হলো, অনুমোদিত অফিসের মাধ্যমে আবেদন করলে এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ৩০ থেকে ৬০ দিন মেয়াদী পর্যটন ভিসা পাওয়া যাচ্ছে।
আবাসন খাতের বিনিয়োগকারীদের জন্য নিয়মে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। দুই বছরের রেসিডেন্সি পারমিট পাওয়ার ক্ষেত্রে একক বিনিয়োগকারীর জন্য আগের ৭ লক্ষ ৫০ হাজার দিরহামের শর্ত তুলে নেওয়া হয়েছে, তবে শর্ত থাকে যে তাকে সম্পত্তির একমাত্র মালিক হতে হবে।
যৌথ মালিকানার ক্ষেত্রে প্রতিটি অংশীদারের শেয়ারের মূল্য অন্তত ৪ লক্ষ দিরহাম হতে হবে। পাশাপাশি, চিকিৎসা খাতকে আরও গতিশীল করতে ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর ঘোষণা দিয়েছে দুবাই হেলথ অথরিটি, যা রোগীদের ভিসা থেকে ফলো-আপ সেবা পর্যন্ত একক প্ল্যাটফর্মে সেবা নিশ্চিত করবে।
তবে স্বাস্থ্য সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছে দেশটি। ইবোলা ভাইরাসের বিস্তার রোধে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এছাড়া ওভারস্টে জরিমানার ক্ষেত্রে যে সাময়িক ছাড় দেওয়া হয়েছিল, তার মেয়াদ আগামী ৯ জুলাই শেষ হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসার মর্যাদা বৈধ না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর আইনি জটিলতার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে আইসিপি কর্তৃপক্ষ।