প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬ ১৯:৪০ (রবিবার)
হবিগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন

ছবি: ইমজা নিউজ

স্বপন কুমার সিং: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে হবিগঞ্জে ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদযাপন কর্মসূচি চলছে উৎসবমুখর পরিবেশে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, হবিগঞ্জ ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ২ জুলাই বৃহস্পতিবার থেকে  আজ ৪ জুলাই  শনিবার সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

কর্মসূচির উদ্বোধনী দিনে (২ জুলাই) সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। এ সময় তিনি ‘নজরুল বর্ষ’-এর লোগো ও স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। তার সঙ্গে জেলার নজরুল গবেষক,সাংবাদিক,  সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও সুধীজন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আত্মনিয়োগের আহ্বান জানান।

উৎসবের দ্বিতীয় দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, আবৃত্তি, নৃত্য, রচনা, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে মোট ৪৬ জন শিক্ষার্থী বিজয়ী হয়।

সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা, আদর্শ ও অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন তরুণ সমাজকে দেশপ্রেম, সাম্য, মানবতা ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। বিশেষ অতিথির বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, অধ্যাপক জাহান আরা খাতুন, নজরুল একাডেমির সভাপতি তাহমিনা বেগম গিনি এবং জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহেলী শারমিন রনি ও তোফাজ্জল ইসলাম শাকিল।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও মানবিক আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরাই মূল লক্ষ্য।