প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬ ১৯:৫০ (রবিবার)
সিলেটসহ দেশের সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে ও সেবার মান বাড়াতে সিলেটসহ দেশের সব হাসপাতালের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১৭ আগস্টের মধ্যে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি হাসপাতালের প্রধানকে নিজ দায়িত্বে প্রতিষ্ঠান সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনরা নিয়মিত মাঠ পর্যায়ের হাসপাতালগুলো পরিদর্শন করবেন। বিশেষ করে মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকদের প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে ছবিসহ বিস্তারিত প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে পাঠানোর বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে বায়োমেট্রিক হাজিরা নিয়ে। আগামী ১৭ আগস্টের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা বা বায়োমেট্রিক মেশিন সচল করে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। এই সময়সীমার মধ্যে কোনো প্রতিষ্ঠান বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে ব্যর্থ হলে তার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অধিদপ্তর।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকরা জেলা সদর হাসপাতাল এবং সিভিল সার্জনরা স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়মিত পর্যবেক্ষণ করবেন।