ছবি: সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে পারেননি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে চলচ্চিত্রাঙ্গনে ছিল উৎসবমুখর পরিবেশ। তবে তার অনুপস্থিতি নিয়ে শিল্পী মহলে শুরু হয় নানা আলোচনা।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের সময় দেশে ছিলেন না শাকিব খান। নির্বাচনের আগের দিন বৃহস্পতিবার রাতের ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ফলে শুক্রবার অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি তার।
ঘনিষ্ঠ সূত্র জানায়, এবারের যুক্তরাষ্ট্র সফরের অন্যতম আকর্ষণ ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল সরাসরি মাঠে বসে উপভোগ করা। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক হিসেবে নিজের প্রিয় দলকে শিরোপার লড়াইয়ে দেখতে চান শাকিব খান। টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে তার।
তবে শুধু বিশ্বকাপ ফাইনালই নয়, যুক্তরাষ্ট্র সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। দেশটির স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র (গ্রিন কার্ড)ধারী হওয়ায় অভিবাসনসংক্রান্ত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় তাকে। জানা গেছে, সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও এ সফর গুরুত্বপূর্ণ।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।
উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।