ছবি: সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের সোনালী আবাসিক এলাকায় ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে একদিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রায় দেড় শতাধিক মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ছালিম আহমদ খান।
প্রধান অতিথি ছিলেন চান মিয়া বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট অভিনেতা ও সংগঠনের উপদেষ্টা প্রশান্ত লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন- হালিমা কবির তিম্মি, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সাধারণ সম্পাদক আবিদ হোসেন খান, নব প্রজন্ম ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জুবেল আহমদ, সংগঠনের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, উপ-সম্পাদক সাইয়ান আহমদ চৌধুরী, ফ্রেন্ডস ব্লাড ডোনেশন কোম্পানীগঞ্জ শাখার সহ-পরিচালক জাহাঙ্গীর মিয়াসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন মানুষের রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা ও রক্ত সংগ্রহ সহজ হয়। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সেবার অংশ হিসেবে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও অংশগ্রহণে ধরনের কার্যক্রমের সফলতাকে আরও উৎসাহিত করেছে। সমাজে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তোলা এবং মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।