ছবি: সংগৃহীত
আগামী পাঁচ দিনে সিলেট বিভাগ ও এর উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর প্রভাবে সিলেট অঞ্চলের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তবে বর্তমানে বিভাগের সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (৪ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চল এবং ভারতের ত্রিপুরা রাজ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী ২৪ ঘণ্টা মোটামুটি স্থিতিশীল থাকলেও পরবর্তী দুই দিনে তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভাগের পাহাড়ি নদী মনু, ধলাই, খোয়াই, সারিগোয়াইন, যাদুকাটা ও সোমেশ্বরী নদীর পানিও আগামী তিন দিন পর্যন্ত বাড়তে পারে।
তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদ-নদীর পানি বাড়লেও আপাতত সিলেটে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। এরপরও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং পাহাড়ি ঢলের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ অবস্থায় সিলেট বিভাগের নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।