প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ ১২:৩৯ (সোমবার)
সিলেটসহ সারাদেশে বৃষ্টির বলয় ‘ধারা’, এক সপ্তাহ স্থায়ী হতে পারে

সিলেটসহ সারাদেশে আগামীকাল রবিবার (৫ জুলাই) থেকে শুরু হতে পারে চলতি বছরের তৃতীয় বৃষ্টি বলয় ‘ধারা’। আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণকারী সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম লিমিটেড’ (BWOT) এক পূর্বাভাসে জানিয়েছে, এই বৃষ্টি বলয়টি আগামী ১৩ জুলাই পর্যন্ত টানা এক সপ্তাহ স্থায়ী হতে পারে। সংস্থাটির মতে, জুলাইয়ের ৫ তারিখের মধ্যে এই বৃষ্টি বলয়টি দেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি বলয় ‘ধারা’ সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে। ঢাকা ও খুলনা বিভাগে মাঝারি ধরনের সক্রিয়তা দেখা গেলেও রাজশাহী ও রংপুর বিভাগে এর প্রভাব তুলনামূলক কম থাকতে পারে। উল্লেখ্য, এর আগে মার্চ মাসে প্রথম বৃষ্টি বলয় ‘গোধূলী’ এবং এপ্রিলের শেষে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় ছিল, যার ফলে দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির দাপট দেখা দিয়েছিল।

এদিকে সরকারি আবহাওয়া অধিদফতরও ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, সিলেটসহ দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। মূলত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদী বন্দরগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এই ঝড়ো হাওয়া নদীবন্দরগুলোতে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারে।

বৃষ্টি বলয় ‘ধারা’ কতটা শক্তিশালী হতে পারে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি ওয়েদার অবজারবেশন টিম। তবে শিগগিরই পূর্ণাঙ্গ আপডেট দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। হঠাৎ এমন লাগাতার বৃষ্টির পূর্বাভাসে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জলাবদ্ধতার বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।