প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ ১৪:৪১ (সোমবার)
সিলেটের সড়কে একমাসে ঝরল ২৯ প্রাণ

সিলেট বিভাগে সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। গত জুন মাসে বিভাগের চার জেলায় ২৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন। নিহতদের মধ্যে বড় একটি অংশই পথচারী, যার সংখ্যা ১২ জন। এই সময়ে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে রবিবার (৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন মাসে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়। সেখানে ১১টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। অন্যদিকে, সিলেট জেলায় তুলনামূলক কম দুর্ঘটনা ঘটলেও ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। এছাড়া মৌলভীবাজারে ৫টি দুর্ঘটনায় ৭ জন এবং হবিগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

নিসচার তথ্যমতে, নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন। যানবাহনের ধরন অনুযায়ী দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫ জন সিএনজি ও টমটম চালক-যাত্রী এবং ৯ জন চালক প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার ধরণ পর্যালোচনায় দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৫ জন এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় ২ জন নিহত হন।

উল্লেখ্য যে, মে মাসের তুলনায় জুন মাসে প্রাণহানির সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। গত মে মাসে বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছিলেন। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা এবং ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।