সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ চিরুনি অভিযানে ৬১ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
গত শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত টানা সাত ঘণ্টার এই সাঁড়াশি অভিযানে মহানগরের ছয়টি থানা এলাকা থেকে অপরাধীদের গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, মহানগর এলাকার ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধসহ নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানাভিত্তিক গ্রেপ্তারের তালিকায় দক্ষিণ সুরমা থানায় সর্বোচ্চ ১৫ জন, শাহপরাণ (রহঃ) থানায় ১৪ জন, এয়ারপোর্ট থানায় ১০ জন, জালালাবাদ থানায় ৯ জন, কোতোয়ালি মডেল থানায় ৮ জন এবং মোগলাবাজার থানায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপরাধের ধরন অনুযায়ী অভিযুক্তদের তাৎক্ষণিক সাজা ও জরিমানা প্রদান করেন। এসএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মলে পুলিশের এ ধরনের বিশেষ ও কঠোর অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।