প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ ১৮:৫৪ (সোমবার)
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

ছবি: সংগৃহীত

পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ তিনটি রেঞ্জে নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) নিয়োগ দেওয়ার পাশাপাশি বরিশাল মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার পদায়ন করা হয়েছে। 

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের নিবর্তমান কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যান্য রদবদলের মধ্যে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি এবং খুলনা রেঞ্জের বিদায়ী ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এ (এপিবিএন) পদায়ন করা হয়েছে।

প্রশাসনিক কাজের গতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের এই নিয়মিত রদবদল করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।