প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ ২০:২৮ (সোমবার)
সিলেটে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ উদ্বোধন

ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো প্রবাসীদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে সিলেট ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ।

৫ জুলাই (রোববার) দুপুর দেড়টায় গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’-এর উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) শাহ আলম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল হকসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, নির্বাচনের সময় প্রবাসীদের জন্য একটি আইনগত সহায়তা সেল বা সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ তারই বাস্তবায়নের সূচনা।

তিনি আরও বলেন, প্রবাসীরা দেশে বিভিন্ন ধরনের হয়রানি ও জটিলতার মুখোমুখি হন। তাদের সমস্যার দ্রুত সমাধান এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রবাসীদের দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

সিলেট জেলা পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার প্রবাসী অধ্যুষিত এলাকা। প্রবাসীরা প্রায়ই বিভিন্ন আইনি জটিলতা ও সেবা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হন। এসব সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে এমপি ইমরান আহমদ চৌধুরীর দিকনির্দেশনায় গোলাপগঞ্জ মডেল থানায় প্রবাসী হেল্প ডেস্ক কর্নার স্থাপন করা হয়েছে।

তিনি জানান, খুব শিগগিরই বিয়ানীবাজার থানাতেও একই ধরনের সেবা চালু করা হবে। প্রবাসীদের জন্য একটি নির্দিষ্ট হটলাইন নম্বর ০১৩২০-১১৭৮৯৬ চালু করা হয়েছে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কলের মাধ্যমে অভিযোগ ও প্রয়োজনীয় তথ্য জানানো যাবে এবং সার্বক্ষণিক সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা নানা ধরনের হয়রানির শিকার হয়ে আসছেন। প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ চালুর ফলে তারা দ্রুত ও কার্যকর সেবা পাবেন বলে আশা করছেন। একইসঙ্গে এ সেবার কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।