ছবি: সংগৃহীত
রাজধানীবাসীর যাতায়াতে নতুন দুয়ার উন্মোচন করে ২০২৭ সালের এপ্রিল মাসেই কমলাপুর পর্যন্ত পৌঁছে যাবে মেট্রোরেল। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) বর্ধিতাংশের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং আগামী বছরের জানুয়ারি থেকেই উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, ২০২৭ সালের এপ্রিলে বাণিজ্যিকভাবে এই রুটে ট্রেন চলাচল শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এর আগে আগামী বছরের জানুয়ারি থেকে নিয়মিত যাত্রীসেবা পরবর্তী সময়ে রাতের বেলা উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত খালি ট্রেন চালিয়ে ‘ট্রায়াল রান’ পরিচালনা করা হবে। মূলত সিস্টেমের সক্ষমতা এবং নিরাপত্তা যাচাইয়ের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণের কাজ শেষ পর্যায়ে। প্রকল্প কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত এই বর্ধিতাংশের সার্বিক কাজের অগ্রগতি প্রায় ৭৭ শতাংশ।
ইতোমধ্যে কমলাপুর স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, কনকোর্স ছাদ ও প্ল্যাটফর্ম স্ল্যাবের মতো কাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে স্টেশনের অভ্যন্তরীণ সাজসজ্জা, জানালার গ্লাস স্থাপন এবং প্রবেশ-বাহির পথ নির্মাণের কাজ।
উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত মোট ২১.২৬ কিলোমিটার দীর্ঘ এই রুটটি দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প বা এমআরটি লাইন-৬। আগামী দুই মাসের মধ্যে রেল ট্র্যাক স্থাপনের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রকৌশলীরা। এরপরই শুরু হবে স্বয়ংক্রিয় দরজা ও সিগন্যালিং সিস্টেম সহ বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপনের মূল প্রক্রিয়া। ২০২৩ সালের নভেম্বরে মতিঝিল পর্যন্ত ট্রেন চালুর পর এবার দেশের প্রধান রেলস্টেশন কমলাপুরের সাথে মেট্রোরেলের সংযোগ রাজধানীবাসীর যাতায়াত ব্যবস্থায় এক অভাবনীয় বিপ্লব নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।