ছবি: সংগৃহীত
কর নথি অডিটে পড়েছে এমন ভুয়া তথ্য দিয়ে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে একটি সক্রিয় প্রতারক চক্র। এ ধরনের জালিয়াতি থেকে সাধারণ করদাতাদের সতর্ক থাকতে চারটি বিশেষ নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, কর নথি অডিট সংক্রান্ত কোনো তথ্য কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে জানানো হয় না এবং এ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই।
রোববার (৫ জুলাই) এক সতর্কবার্তা জারি করে এনবিআর জানায়, সম্প্রতি কিছু অসাধু চক্র করদাতাদের ফাইল অডিটে পড়ার ভীতি দেখিয়ে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে রেহাই পাইয়ে দেওয়ার কথা বলে বা আইনি মারপ্যাঁচে ফেলার হুমকি দিয়ে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে সংস্থাটি জানিয়েছে, কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে তা কেবল আইনানুগ উপায়ে আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই জানানো হয়। এনবিআরের কোনো কর্মকর্তা কখনোই ব্যক্তিগত মোবাইল বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না।
আর্থিক লেনদেনের বিষয়ে এনবিআর আরও সতর্ক করেছে যে, কর সংক্রান্ত যে কোনো বকেয়া বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বিকাশ, রকেট, নগদ বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না। এ ধরনের সন্দেহজনক যোগাযোগ হলে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে তথ্যের সত্যতা যাচাই এবং প্রতারকের নম্বর সংরক্ষণ করে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এনবিআর পরামর্শ দিয়েছে।
হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এনবিআর প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো প্রলোভন বা ভয়ভীতির মুখে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।