ছবি: সংগৃহীত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে (ভূমি জরিপ ও সংশ্লিষ্ট সেবা) সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও সিলেট জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৯ সদর কোম্পানি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত অভিযানে অভিযোগের ভিত্তিতে দালালচক্রের সদস্যদের আটক করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে সেটেলমেন্ট অফিসে ভূমি জরিপ ও সংশ্লিষ্ট সেবা নিতে আসা সাধারণ মানুষ একটি সংঘবদ্ধ দালালচক্রের মাধ্যমে হয়রানি, প্রতারণা ও অতিরিক্ত অর্থ আদায়ের শিকার হচ্ছিলেন। সরকারি কাজে অবৈধ হস্তক্ষেপের আশ্বাস দিয়ে দ্রুত সেবা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিল চক্রটি।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন- লায়েক মিয়া (৪৫), আব্দুল মান্নান (৫৫), সুব্রত পাল (৩০), আব্দুল হান্নান (৩০), সুজন দেবনাথ (৪২) এবং জিয়াউর রহমান (৪৮)। ভ্রাম্যমাণ আদালতে তারা প্রতারণা ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ স্বীকার করলে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
র্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।