প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬ ২০:০১ (মঙ্গলবার)
মাধবপুরে রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এক নবজাতক কন্যাশিশু।

সোমবার (৬ জুলাই) ভোরে স্থানীয় লোকজন শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়দের ভাষ্য, নবজাতকের শরীরে স্যালাইন লাগানো ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন।

বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় নবজাতকটিকে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলে জানা গেছে।

এ বিষয়ে আব্দুর রশিদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করি। শিশুটির জীবন রক্ষাই ছিল আমাদের প্রথম লক্ষ্য। তাই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ রয়েছে। ভবিষ্যতে শিশুটির প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কে বা কারা নবজাতকটিকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখতে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।