প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬ ২০:৪২ (মঙ্গলবার)
সমন্বয় করেই স্থানীয় সরকার নির্বাচনের তফশিল দেবে ইসি

ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা নির্ধারণ ও ওয়ার্ড পুনর্বিন্যাস সরকারের এখতিয়ারভুক্ত হওয়ায় এ বিষয়ে সমন্বয় অপরিহার্য।

সোমবার (৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, কমিশন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে এবং অক্টোবর মাসকে সামনে রেখে কাজ করছে। তবে এখনই নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করা হচ্ছে না। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সীমানা নির্ধারণ ও ওয়ার্ড পুনর্বিন্যাস সরকারের দায়িত্ব। এ কারণে প্রশাসনিক জটিলতা এড়াতে সরকারকে শিগগিরই চিঠি দিয়ে সীমানা-সংক্রান্ত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হবে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে আয়োজন করা যৌক্তিক হলেও সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতিও কমিশনের পরিকল্পনায় রয়েছে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রাক-প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। আচরণবিধির খসড়া নিয়ে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত পর্যালোচনা করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে প্রস্তুতির অগ্রগতি নিয়মিতভাবে গণমাধ্যমকে জানানো হবে।

তিনি জানান, সংবিধিবদ্ধ বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের অন্তত ৪৫ দিন আগে তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আরএফইডির সভাপতি কাজী ইমাদ উদ্দিন জেবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর। এ ক্ষেত্রে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তারা।