প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬ ২০:৫৭ (মঙ্গলবার)
সিলেটে নদীর পানি বাড়ার পূর্বাভাস

ছবি: সংগৃহীত

আগামী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগের নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন নদী সতর্কসীমা স্পর্শ বা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি প্লাবনের আশঙ্কা রয়েছে।

সোমবার (৬ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাস স্বাক্ষরিত প্রধান অববাহিকা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) জোনভিত্তিক নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, দেশের বিভিন্ন অববাহিকার নদ-নদীর পানি আগামী কয়েক দিনে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, বান্দরবান ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সুরমা-কুশিয়ারা অববাহিকায় গত ২৪ ঘণ্টায় নদীর পানি কিছুটা কমলেও কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি স্টেশনে এখনও সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

এদিকে আগামী তিন দিন সিলেট বিভাগসহ উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে প্রথম এক দিন নদীর পানি মোটামুটি স্থিতিশীল থাকলেও পরবর্তী দুই দিনে পানি দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলো কয়েকটি স্থানে সতর্কসীমায় পৌঁছাতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের সৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।