প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬ ২১:১৭ (মঙ্গলবার)
মেঘনা নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের উত্তর পানিশ্বর বাজার এলাকায় মেঘনা নদীর বাম তীরে নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগের মাধ্যমে জরুরি অস্থায়ী তীররক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিনের নদী ভাঙনের ঝুঁকিতে থাকা উত্তর পানিশ্বর বাজার ও আশপাশের জনপদের মানুষকে সুরক্ষা দিতেই এ জরুরি প্রতিরক্ষা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, নদী ভাঙন কবলিত এলাকার মানুষের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে এই তীর রক্ষা কাজ শুরু করা হয়েছে। কাজটি দ্রুত ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার মাধ্যমে স্থানীয় জনগণের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

সরাইল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের বাস্তবায়নে উত্তর পানিশ্বর বাজার এলাকায় জিও ব্যাগের মাধ্যমে এ জরুরি তীর রক্ষা কাজ পরিচালিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা নদী ভাঙন রোধে এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্থায়ী নদী তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নেরও দাবি জানান তারা।