ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম। গত ২৮ জুন থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) অনলাইনে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু করে। পরদিন ২৯ জুন থেকে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়। ইতোমধ্যে ওই দিনের আবেদনকারীদের ভিসা ইস্যু করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ফলে আবেদনকারীরা মাত্র সাত দিনের মধ্যেই ভিসাসহ পাসপোর্ট হাতে পাচ্ছেন।
গত ২৫ জুন ঢাকায় দায়িত্ব গ্রহণের পরপরই ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি জানান, দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। কূটনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি ইতিবাচক পদক্ষেপ।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ভারতের সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত করা হয়। ৪ আগস্ট থেকে ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় নতুন আবেদন গ্রহণ এবং পাসপোর্ট ফেরত দেওয়ার কার্যক্রমও ব্যাহত হয়। পরে ওই বছরের আগস্টের শেষ দিকে সীমিত পরিসরে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হলেও নতুন আবেদন দীর্ঘদিন বন্ধ ছিল।
ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর বিষয়ে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘নরমাল ট্যুরিস্ট ভিসা চালু করে দিলাম। ২৮ জুন থেকে এটি শুরু হয়েছে। এটি আমাদের জন্য যেমন ভালো, এখানকার মানুষের জন্যও তেমনি ভালো। এটি সবার প্রাপ্য ছিল। হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে এটিই আমার প্রথম কাজ। আশা করি সাধারণ মানুষ এতে উপকৃত হবেন।’
এদিকে, ভিসা পাওয়া কয়েকজন আবেদনকারী দ্রুত সেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
একজন আবেদনকারী জানান, ২৯ জুন আবেদন জমা দেওয়ার পর অনলাইনে তার ভিসা অনুমোদনের তথ্য দেখা গেছে। এখন শুধু পাসপোর্ট সংগ্রহের অপেক্ষায় রয়েছেন।
আরেক আবেদনকারী বলেন, ৩০ জুন প্রয়োজনীয় কাগজপত্রসহ পাসপোর্ট জমা দেন তিনি। পরে অনলাইনে ভিসা অনুমোদনের তথ্য দেখতে পান এবং পাসপোর্ট সংগ্রহের বার্তাও পেয়েছেন।
তারা জানান, তিনি ৩০ জুন আবেদন জমা দিয়েছিলেন। গতকাল সন্ধ্যায় পাসপোর্ট সংগ্রহের বার্তা পান এবং আজ যমুনা ফিউচার পার্কের আইভ্যাক থেকে ছয় মাস মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাসহ পাসপোর্ট গ্রহণ করেছেন।