প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ ১৯:৫৫ (বুধবার)
সিলেটে ‘ন্যায্য মূল্যের’ ফার্মেসিকে জরিমানা

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর উপশহর এলাকায় ‘ন্যায্য মূল্যের দোকান’ হিসেবে পরিচিত আল-আমিন মেডিসিন কর্ণারকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সাইনবোর্ডে সেবার প্রতিশ্রুতি থাকলেও অন্তরালে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরির নানা অনিয়মের প্রমাণ মেলায় এই দণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তানভীর হোসাইন সজীব এই অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন আল-আমিন ফার্মেসিতে নিষিদ্ধঘোষিত মেডিকেল ইকুইপমেন্ট মজুত রাখা, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন এবং অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবস্থাপনায় ভয়াবহ অনিয়মের সত্যতা পায় কর্তৃপক্ষ। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এসব কর্মকাণ্ডের দায়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসাইন সজীব গণমাধ্যমকে জানান, ন্যায্য মূল্যের আড়ালে অনিয়ম রোধে জেলা প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে। র‍্যাব-৯ ও সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একটি বিশেষ দল এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।