ছবি: সংগৃহীত
সিলেটে এক আবাসিক ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শরীর মালিশ করানোর বাহানায় নিজের কক্ষে ডেকে নিয়ে ওই কিশোরকে তিনি নির্যাতন করেন বলে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শিব্বির আহমদ সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামের ‘জামেয়া ইসলামীয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা’র প্রধান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন সকালে হাফিজি শাখার ১৫ বছর বয়সী ওই আবাসিক ছাত্রকে শরীর ম্যাসেজ করানোর কথা বলে নিজের রুমে ডাকেন শিব্বির আহমদ। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলৎকার করেন তিনি। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখলেও গত ৪ জুলাই সকালে অভিযুক্ত প্রিন্সিপাল পুনরায় ওই ছাত্রকে অনৈতিক কাজের উদ্দেশ্যে ডাকেন। তবে এবার ভিকটিমের ছোট ভাই (৯) হঠাৎ রুমে ঢুকে পড়লে আসামি তাকে ছেড়ে দেয়।
এই ঘটনার পর ভিকটিম কৌশলে মাদ্রাসা থেকে বেরিয়ে তার বাবাকে বিস্তারিত জানায়। ছাত্রের পিতা তাৎক্ষণিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন এবং জালালাবাদ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত প্রিন্সিপালকে হাতে-নাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলাদায়ের করেছেন। গত ৫ জুলাই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাদ্রাসার অভ্যন্তরে এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।