প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬ ১২:০৫ (বৃহস্পতিবার)
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে চালক নিহ/ত, আহ/ত ২০

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সিলেট থেকে ঢাকাগামী ‘ইউনিক পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ‘লাকি পরিবহন’-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে, লাকি পরিবহনের বাসটি মহাসড়কের ওপরই দুমড়ে-মুচড়ে বিকল হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ফলে মহাসড়কের ওপর বাসটি আড়াআড়িভাবে আটকে থাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। 

পরবর্তীতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিক পরিবহনের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।