প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬ ১৩:০২ (বৃহস্পতিবার)
সিলেটে হতে পারে আকস্মিক বন্যা

সিলেটে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। টানা কয়েক দিনের অতি ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ চার বিভাগের প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী তিন দিন এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, যার ফলে সিলেট ও চট্টগ্রামসহ ১৫টি জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত তিন দিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে একদিনেই ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সিলেট ও ভারতের মেঘালয়-ত্রিপুরা সীমান্তেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি আগামী শনিবার পর্যন্ত চলতে পারে। ফলে সুরমা, কুশিয়ারা, তিস্তা ও ফেনীসহ গুরুত্বপূর্ণ নদীগুলোর পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া তথ্যমতে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও শেরপুরসহ উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। বিশেষ করে তিস্তা নদী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

বর্তমানে প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে থাকলেও উজানের ঢল ও স্থানীয় অতি ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে জটিল করে তুলছে। তবে আশার কথা হলো, তিন দিন পর বৃষ্টিপাত কমে এলে পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।