প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬ ১৮:৪০ (বৃহস্পতিবার)
সিলেট ওসমানীতে সংঘর্ষ: পুলিশের সাথে বৈঠকে ইন্টার্ন চিকিৎসকরা

ছবি: সংগৃহীত

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। হামলা ও সংঘর্ষের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।

বুধবার (৮ জুলাই) সকাল থেকে কর্মবিরতি পালনের পাশাপাশি বিকেলে নগর পুলিশ কমিশনারের সাথে বৈঠকে বসেছেন ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি দল।

জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক শিশুরোগীর চিকিৎসাকে কেন্দ্র করে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকের সাথে স্বজনদের কথা-কাটাকাটি হয়। এটি পরে হাতাহাতি ও দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে ইন্টার্ন চিকিৎসক তাসপিয়ানুল হক ও রেজা নিলয়সহ উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।

আহত চিকিৎসকদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের সময় জরুরি বিভাগে আসা রোগী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইন্টার্ন ডক্টরস ফোরামের সহ-সাধারণ সম্পাদক ডা. রাকিন হান্নান জানান, ইন্টার্ন চিকিৎসকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং জরুরি বিভাগসহ পুরো হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে। দাবি আদায়ে তারা মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছের সাথে আনুষ্ঠানিক আলোচনা করছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির জানান, কোনো পক্ষ থেকেই এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।