প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬ ১৫:৩৯ (শুক্রবার)
আফা-ফিফা’র ৩০০ মিলিয়ন ডলার লেনদন: তদন্তে গোয়েন্দারা

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং এর সভাপতি ক্লাউদিও তাপিয়ার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অর্থপাচারের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং গোয়েন্দা সংস্থা এফবিআই। কাতার বিশ্বকাপ চলাকালীন মার্কিন ব্যাংকগুলোর মাধ্যমে লেনদেন হওয়া শত শত মিলিয়ন ডলারের উৎসের স্বচ্ছতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোল ডটকমের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম লা নাসিওন ও টেরা জানায়, ফেডারেল প্রসিকিউটর ও এফবিআই এজেন্টরা এএফএ-র আর্থিক কার্যক্রম নিয়ে ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণ শুরু করেছেন। তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সভাপতি তাপিয়ার নেতৃত্বে করা আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তিগুলো। বিশেষ করে ‘ট্যুরপ্রডএন্টার এলএলসি’ নামক প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশে কোনো ব্যাংক জালিয়াতি বা মুদ্রাপাচারের ঘটনা ঘটেছে কি না, তা যাচাই করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৩০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থের সন্দেহজনক প্রবাহ বা ট্রানজেকশন হয়েছে।

তদন্তকারী দল সরাসরি সিটিব্যাংক, ব্যাংক অব আমেরিকা এবং জেপি মরগান-এর হিসাবপত্র পরীক্ষা করছে। আর্জেন্টিনার ঘরোয়া বাজারে কঠোর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা বিদ্যমান থাকা সত্ত্বেও কীভাবে এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা যুক্তরাষ্ট্রে লেনদেন হলো, সেটিই এখন বড় প্রশ্ন। ইতোমধ্যে মিয়ামিতে ব্যবসায়ী গিয়ের্মো তোফোনির সঙ্গে প্রায় তিন ঘণ্টা ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন গোয়েন্দারা। পাশাপাশি তাপিয়া ও পাবলো তোভিগিনোর শাসনকাল সম্পর্কে অবগত সাক্ষীদেরও সন্ধান করা হচ্ছে।

এদিকে এই আইনি চাপের মুখে আত্মপক্ষ সমর্থনে কাজ শুরু করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। উত্তর আমেরিকায় এএফএ-র প্রতিনিধি তোমাস রেগালাদো এবং আইনজীবী মারিয়ানো লিসার্দো একে কেবল প্রাথমিক তদন্ত হিসেবে উল্লেখ করেছেন। তারা জানান, তদন্ত চলা মানেই কেউ অপরাধী হয়ে যাওয়া নয়। প্রসিকিউটররা এখনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার মতো পর্যাপ্ত প্রমাণের সন্ধান করছেন। ফলে পূর্ণাঙ্গ মামলা হবে কি না, তা নির্ভর করছে সামনের দিনগুলোর তথ্যপ্রমাণের ওপর।