ছবি: সংগৃহীত
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, `একটি আদর্শ জাতি গঠনে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও চরিত্র গঠন অপরিহার্য। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। এজন্য শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার সময়ের দাবি।'
তিনি আরও বলেন, শিক্ষকদের শুধু পাঠদানেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বুধবার (৮ জুলাই) রাতে আদর্শ শিক্ষক পরিষদ সিলেট আয়োজিত নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সভায় দেশের শিক্ষা ব্যবস্থায় গুণগত সংস্কারের পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় নগরীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ অংশ নেন।
কলেজ শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাম রব্বানী, রেজাউল ইসলাম, আব্দুল আলী শাহীন ও আকবর হোসেন প্রমূখ।
মতবিনিময় সভায় শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরা হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।