প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ ১৯:১১ (শনিবার)
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে ওঠলো বৃদ্ধের লাশ

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে ভয়াবহ বন্যায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের পর আশরাফ আলী ওরফে আশই মিয়া (৭০) নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের ভাঙারহাট-আকুয়া এলাকার রিং বাঁধের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আশরাফ আলী উপজেলার আকুয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজনগরের আকুয়া এলাকায় মনু নদীর কুশিয়ারা রিং বাঁধের একটি বড় অংশ হঠাৎ ভেঙে যায়। তীব্র স্রোতে মুহূর্তের মধ্যে লোকালয়ে পানি প্রবেশ করলে গ্রামগুলো প্লাবিত হয়। ওই সময় বন্যার পানিতে আটকা পড়ে নিখোঁজ হন বৃদ্ধ আশরাফ আলী।

শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়রা রিং বাঁধের পাশে তার মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা মরদেহটি উদ্ধার করেন। প্রবীণ এই ব্যক্তির অকাল মৃত্যুতে পুরো আকুয়া গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আশরাফ আলীর মৃত্যুর সংবাদটি অত্যন্ত হৃদয়বিদারক। মনু নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে পানি আসায় এলাকাটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। পরিবারটির প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে মনু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার বিকেলে টেংরা ইউনিয়নের উজিরপুর ও হরিপাশা এলাকায় প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। এতে আকুয়াসহ প্রায় ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের চরম সংকট। গৃহহীন মানুষজন উঁচু বাঁধ বা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

রাজনগর উপজেলা প্রশাসন উপদ্রুত এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।