প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ ১৯:৪০ (শনিবার)
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভাঙনে ২০ গ্রাম প্লাবিত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুটি স্থানে বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে লোকালয়ে দ্রুত পানি প্রবেশ করায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গবাদিপশু ও প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন প্লাবিত এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এবং বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামের পাশে খোয়াই নদীর বাঁধের দুটি পয়েন্টে ভাঙন দেখা দেয়। এই ভাঙন দিয়ে দ্রুতগতিতে পানি ঢুকে পড়ায় গ্রামগুলো তলিয়ে যায়।

এদিকে জেলার কুশিয়ারাসহ অন্যান্য নদ-নদীর পানিও বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা নদী তীরবর্তী ও হাওরাঞ্চলের মানুষের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদান করেন এবং ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, খোয়াই নদীর দুটি স্থান ভেঙে যাওয়ার পাশাপাশি আরও বেশ কয়েকটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ স্থানে বালুর বস্তা ও মাটি ফেলে অস্থায়ী সংস্কার কাজ চলছে। বড় ধরনের বৃষ্টি না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যাচ্ছে। ভেঙে যাওয়া বাঁধগুলোও দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।’