ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া সেই নবজাতকের বাবা-মায়ের খোঁজ মিলেছে। তবে দারিদ্র্যের চরম কষাঘাতে পিষ্ট হয়ে নিজেদের সন্তানকে ফিরে পেতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। অভাবের তাড়নায় শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের কাছে লিখিত অঙ্গীকারনামা দিয়ে শিশুটির ওপর থেকে যাবতীয় দাবি ত্যাগ করেছেন এই দম্পতি।
গেলো সোমবার ভোরে মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় জেলা পরিষদের সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। কান্নার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্তে শিশুটিকে সাময়িকভাবে নোয়াপাড়া ইউনিয়নের উত্তর শাহপুর গ্রামের নিঃসন্তান জাবেদ আলীর জিম্মায় রাখা হয়।
বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা বাসির ও মা শিরিনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের কার্যালয়ে আনা হলে বেরিয়ে আসে এক করুণ আখ্যান। তারা জানান, তাদের পরিবারে আগে থেকেই দুটি কন্যাসন্তান রয়েছে, যার মধ্যে একজন প্রতিবন্ধী। সদ্য জন্ম নেওয়া এই শিশুটিও জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার। একটি মেটাডোর কোম্পানিতে স্বল্প বেতনের চাকরিতে সংসার চালানো যেখানে দায়, সেখানে প্রতিবন্ধী শিশুর চিকিৎসা ও ভরণপোষণ তাদের সামর্থ্যের বাইরে।
কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা বাসির বলেন, ‘আমরা সন্তানকে মেরে ফেলতে চাইনি। অভাবের কারণে বাধ্য হয়েছি। ভেবেছিলাম কেউ তুলে নিলে অন্তত আমাদের চেয়ে ভালো থাকবে।’ পরে ভবিষ্যতে সন্তানের ওপর কোনো দাবি করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন এই দম্পতি
ইউএনও মেহেদী হাসান জানান, বাবা-মায়ের অনাপত্তি ও অঙ্গীকারের পর এখন আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।