ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে দারুণ পারফরম্যান্সের পর এবার ফাইনালেও দর্শকদের মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া হাফটাইম শোতে বিশ্বের আরও কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পীর সঙ্গে মঞ্চে উঠবেন তিনি।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বিরতিতে প্রায় ১১ মিনিটের বিশেষ এই হাফটাইম শো সুপার বোলের আদলে আয়োজন করা হচ্ছে। ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন।
সম্প্রতি ‘দ্য ক্যাপিটাল ইভনিং শো উইথ জিমি হিল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা জানান, এবারের হাফটাইম শো হতে যাচ্ছে ‘একেবারেই ঐতিহাসিক’। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর এবার ফাইনালের জন্য সম্পূর্ণ ভিন্ন ও আরও ব্যতিক্রমী একটি পরিবেশনা প্রস্তুত করার চেষ্টা করছেন।
শাকিরা বলেন, ‘আমি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছি। এখন ফাইনালেও গান গাইব। তাই পুরো বিষয়টি নতুনভাবে ভাবতে হচ্ছে, যাতে উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে ফাইনালের পারফরম্যান্স আরও আলাদা ও অনন্য হয়।’
তিনি আরও জানান, এটি একটি যৌথ হাফটাইম শো, যেখানে তার সঙ্গে থাকবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, বিটিএস এবং কোল্ডপ্লে-সংশ্লিষ্ট শিল্পীরা।
শাকিরার ভাষায়, ‘এটি সত্যিই ঐতিহাসিক হবে। আমরা সবাই একসঙ্গে বসে পুরো আয়োজনটি কীভাবে হবে, তা ঠিক করব। সত্যি বলতে, দর্শকদের মতো আমিও ভীষণ কৌতূহলী।’
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফাইনাল ম্যাচে পূর্ণাঙ্গ হাফটাইম শোর আয়োজন করা হচ্ছে। ফুটবল ও সংগীতের এই ব্যতিক্রমী মেলবন্ধনকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।