ছবি: সংগৃহীত
পরিবর্তনের দর্শনেই বিশ্বাসী আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার অধীনে আর্জেন্টিনা এখন পর্যন্ত ১০১টি ম্যাচ খেলেছে। এর মধ্যে একই শুরুর একাদশ টানা দুই ম্যাচে খেলানো হয়েছে মাত্র তিনবার। তাই প্রতিটি ম্যাচের আগে তার একাদশ নিয়ে থাকে বাড়তি কৌতূহল।
তবে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে সেই চিত্র বদলাতে পারে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল গ্রাফিকো জানিয়েছে, দলের অনুশীলন পর্যবেক্ষণে মনে হচ্ছে শুরুর একাদশে বড় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা খুবই কম। সেটি হলে স্কালোনির অধীনে চতুর্থবারের মতো টানা দুই ম্যাচে একই শুরুর একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।
অন্যদিকে জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবারের অনুশীলন ছিল রুদ্ধদ্বার। ফলে স্কালোনি ঠিক কোন একাদশ নিয়ে নামবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মিসরের বিপক্ষে খেলা দল থেকেই খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।
মিসরের বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনি দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। তাই ছোটখাটো কিছু সমন্বয় ছাড়া একই দল ধরে রাখার দিকেই ঝুঁকতে পারেন তিনি।
তবে দুটি পজিশন নিয়ে এখনো আলোচনা রয়েছে। রাইটব্যাকে নাহুয়েল মলিনা নাকি গনসালো মন্তিয়েল এবং আক্রমণে হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ- এই দুই সিদ্ধান্তই এখনো চূড়ান্ত হয়নি।
শেষ ষোলোর ম্যাচে মলিনা ও আলভারেজ নিজেদের সেরাটা দেখাতে পারেননি। অন্যদিকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গনসালো মন্তিয়েল ও লাউতারো মার্তিনেজ ইতিবাচক প্রভাব ফেলেন। বিশেষ করে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ দুই গোলেই গুরুত্বপূর্ণ অবদান ছিল মার্তিনেজের, যা স্কালোনির ভাবনায় প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশ সময় আগামী পরশু সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। শেষ অনুশীলনের পরই একাদশ চূড়ান্ত করবেন স্কালোনি। তবে সবকিছু বিবেচনায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।